বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

ঘরের দরজার সামনে পড়ে ছিল পলিথিনে মোড়ানো নবজাতক

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৭:১৩ এএম

শেয়ার করুন:

ঘরের দরজার সামনে পড়ে ছিল পলিথিনে মোড়ানো নবজাতক

চট্টগ্রামের মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যা শিশু উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মীর হোসেনের ঘরের দরজার সামনে কালো পলিথিনের প্যাকেট দেখে তার সন্দেহ হয়। পরে প্যাকেটের সামনে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পান তিনি। কান্নার আওয়াজ শুনে প্যাকটটি খুলে দেখেন সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতক শিশু। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নবজাতক শিশুটিকে দেখতে ভিড় জমান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে মীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে আমার ঘরের সদর দরজার সামনে পলিথিনের প্যাকেটে এক নবজাতক শিশু দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানাই এবং শিশুটিকে স্থানীয় প্রতিবেশী আহম্মদ উল্ল্যাহর মাধ্যমে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের ধারণা, কন্যা শিশুটিকে জন্মের পরপরই কে বা কারা সেখানে রেখে গেছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

c813cd62-4a02-4be2-b41e-385352b55884


বিজ্ঞাপন


বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক বলেন, সকালে স্থানীয়দের সহায়তায় সদ্য ভূমিষ্ট একটা কন্যা শিশুকে হাসপাতালে আনা হয়। প্রথমে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সর্বশেষ অবস্থা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর