নরসিংদীতে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় একদিন বয়সী অজ্ঞাত পরিচয়ের নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার হয়।
বিজ্ঞাপন
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় এক নারী। পরে, স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে। জীবিত দেখতে পেয়ে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম ফজলুল কাদের জানান, নবজাতকটি প্রিম্যাচিউর (অপরিপক্ব)। বর্তমানে তাকে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি ফিরোজ তালুকদার আরও জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স একদিনের বেশি নয়। সে বেঁচে আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। কে বা কারা তাকে ফেলে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
টিবি




