ফরিদপুরে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে শহরে মশাল মিছিল বের করার ঘটনায় যুবলীগ নেতা খসরু ও আনন্দ ফকিরকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় স্থানীয়রা তাদের আটক করে খবর দিলে কোতয়ালী থানা পুলিশের একটি ফোর্স তাদের থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
জানা গেছে, এর আগে রোববার শহরের টেপাখোলা সরকারি ইয়াছিন কলেজের সামনে জড়ো হয়ে দশ থেকে পনেরজন যুবক মশাল জ্বালিয়ে মিছিল বের করে। মিছিলটি কিছু দূর এগোনোর পর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তাদের ধাওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনার পর শহরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল পাল্টা মিছিল বের করে।
ভিডিওতে দেখা গেছে, একটি ট্রাকের পাশে তারা একে একে মশাল জ্বালিয়ে ব্যানার সহকারে মিছিল শুরু করে। এসময় তারা জয়বাংলা- জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই সব বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তাদের ব্যানারে রেখা ছিলো- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ব্যানারে দলীয় প্রধানের ছবিসহ কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ছবি সম্বলিত ছিলো।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার শিথীল জানান, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে এই মশাল মিছিলের পর খোঁজ নিয়ে জানা যায়, যুবলীগ নেতা খসরু টাকা দিয়ে বিন্দুপাড়ার জেলে সম্প্রদায়ের কিছু ছেলেদের ব্যবহার করে এই মিছিল বের করে। পরে খসরুকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
শাহরিয়ার শিথীল বলেন, উদ্বেগের বিষয় হলো, মিছিলে অংশগ্রহণকারী সকলেই বিন্দু সম্প্রদায়ের ছোট ছোট শিশু বালক। এরা কেউ জানতোই না তারা কোথায় যাচ্ছে কিংবা কোনো অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কিনা! সামান্য টাকার লোভ দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করে মিছেলে নিয়ে আসা হয়। এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগ এখন দেউলিয়াত্বের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। তাদের কোনো নেতাকর্মীই নেই। তাদের ভাড়াটে মাদক কারবারি এবং নিম্ন সম্প্রদায়ের অভাবগ্রস্থ লোকদেরকে দিয়ে টাকার বিনিময়ে এখন ভাড়ায় দল চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
শাহরিয়ার শিথীল আরও বলেন, যুবলীঘ নেতা খসরুর সঙ্গে টেলিগ্রাম গ্রুপে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। জেলার সভাপতি শামীম হকের সঙ্গেও তাদের যোগাযোগ ছিলো। শামীম হকের এক আত্মীয় তাদের সঙ্গে এই সমন্বয় করতো।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন বলেন, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে শহরে মশাল মিছিল করার অভিযোগে আমরা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো।
প্রতিনিধি/টিবি




