ময়মনসিংহের নান্দাইলের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও মশাল মিছিল করেছেন। এ সময় জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে বিএনপি নেতা ওলিউল্লাহর ওষুধের দোকান ছাড়াও আরও কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ওলিউল্লাহ জানান, ঘটনার সময় প্রাণে রক্ষা পেতে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এসে দেখেন নগদ টাকা লুট হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারেরঘাট বাজারের এলাকায় নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। পরে কয়েক মিনিট সময় নিয়ে মিছিল শেষে অনেকে বক্তব্য রাখেন। এছাড়া গাঙাইল, জাহাঙ্গীরপুর ও সিংরুইল ইউনিয়নের বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে। এসব মিছিলের ভিডিও আওয়ামী লীগের নেতাদের ফেসবুক আইডিতে পোস্ট দিতে দেখা গেছে।
বিজ্ঞাপন
এদিকে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে রাতে নান্দাইল পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে এখন পুলিশ তৎপর রয়েছে।
প্রতিনিধি/টিবি




