সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

পাড়া শুরু হয়েছে হাঁড়িভাঙা আম, বাণিজ্য সম্ভাবনা ৩০০ কোটি টাকা

রেজাউল করিম জীবন, রংপুর
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

পাড়া শুরু হয়েছে হাঁড়িভাঙা আম, বাণিজ্য সম্ভাবনা ৩০০ কোটি টাকা
বাজারে সর্বত্র এখন পাওয়া যাবে জিআই পণ্য স্বীকৃত হাঁড়িভাঙা আম।

সরকারের বেধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে পাড়া শুরু হয়েছে রংপুরের সুস্বাদু ও রসালো হাঁড়িভাঙা আাম। বাজারে সর্বত্র এখন পাওয়া যাবে জিআই পণ্য স্বীকৃত এই আম। আর এই আমকে কেন্দ্র করে এবারে রংপুর অঞ্চলে ৩০০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ জুন) ভোর থেকে আম চাষিরা আম পাড়া শুরু করে। সকাল থেকেই পদাগঞ্জ ও রংপুরের পাইকারি হাঁড়িভাঙা আমের বাজারে পাওয়া যাচ্ছে এই আম। প্রথম দিনেই জমজমাট আমের বাজার। ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতি আর তাদের হাঁক ডাকে প্রাণবন্ত হয়ে উঠেছে আমের বাজার। প্রথম দিনে বেশি সরবরাহ থাকায় আমের মণ সর্বনিম্ন একহাজার থেকে একহাজার সাতশ পর্যন্ত পাইকারি দরে বিক্রি হচ্ছে।


বিজ্ঞাপন


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এবার রংপুর জেলায় প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙা আম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো। এর মধ্যে ২ হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে। প্রতি হেক্টরে হাঁড়িভাঙা আম প্রায় ১০ থেকে ১২ মেট্রিক টন ফলন হওয়ার কথা এবার। সব কিছু ঠিক থাকলে অন্তত ৩০০ কোটি টাকার ওপরে হাঁড়িভাঙা আমের বাণিজ্য হবে বলে জানিয়েছে চাষি ও ব্যবসায়ীরা।

674cb14f-0c87-4f74-8c6c-4f5d84897f60

এদিকে, আম পাড়াকে ঘিরে ব্যস্ততা বেড়েছে আম চাষি, ব্যবসায়ী, পরিবহনের জন্য রিকশা-ভ্যানচালকসহ বিভিন্ন উপকরণ তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের। বিগত বছরগুলোর মতো এবারও হাঁড়িভাঙার ফলন নিয়ে আশাবাদী চাষিরা। আঁশবিহীন এবং অত্যন্ত সুমিষ্ট হওয়ায় এই আম মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।

মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের তেকানি গ্রামের আমচাষি আমিনুর রহমান বলেন, আম কয়েকদিন আগে থেকে পাকা শুরু করলেও আজ থেকে আমরা বাগানের আম পাড়া শুরু করেছি। ভোরের আলোয় আম পাড়া শুরু হয়। পরিবারের প্রায় সব সদস্যদের নিয়ে এই আম পাড়া হয়েছে। আমের বেশিরভাগ অংশই রংপুরের বাজারে ইতোমধ্যে ভ্যানে করে পাঠানো হয়েছে। কিছু আম পদাগঞ্জের হাটে নিজে বিক্রি করছি। শুরুতে একটু আমের দাম কম থাকে। সেই অনুযায়ী বর্তমানে এক হাজার থেকে এক হাজার সাতশ টাকায় আমের মণ বিক্রি হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


অপর আম চাষি রুবেল মিয়া বলেন, সরকারের বেধে দেওয়া সময়ের দিন আম পাড়া শুরু হলে একটা উৎসব উৎসব লাগে। ভোরে সবার বাগানে আম পাড়ার শব্দ। পরিবারের সবাই মিলে আম পাড়া ভালোই লাগে।

a7b32534-17d0-4ca8-bf3e-68d36dcf2f1c

তিনি আরও বলেন, শুরুতেই আমের ফলন ভালোই ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিছুটা নষ্ট হয়েছে। তারপরও যা আছে, তাতেই লাভ হবে।

পদাগঞ্জ হাটের পাইকারি ব্যবসায়ী রমজান আলী জানান, আজ থেকে আম পাড়া শুরু হয়েছে। কয়েকদিন আগে থেকেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বড় বড় পার্টি যোগাযোগ শুরু করেছেন, কেউ কেউ অগ্রিম টাকাও পাঠিয়ে দিয়েছেন। আজ রাত থেকেই সেই সব অঞ্চলে আম পাঠানো শুরু হবে। আমের দাম ও চাহিদা দুটোই সন্তোষজনক হবে আশা করছেন বলে জানান তিনি।

রংপুর নগরীর সিটি বাজারের পাইকারি ব্যবসায়ী হিমন মিয়া জানান, আজ সকালেই প্রচুর আম এসেছে। দাম কম আছে। সকাল থেকেই বিভিন্ন এলাকার আম ব্যবসায়ীরা এসেছেন এবং আম কিনেছেন। অনেকেই আম নিয়ে চলেও গেছেন। আমের বাজার ভালো বলে মনে হচ্ছে।

অনলাইনে আম বিক্রেতা উৎপল কান্তি বলেন, প্রায় ৪ বছর ধরে অনলাইনে আমের ব্যবসা করি। অনেক ক্রেতাই জানেন ২০ জুন হাঁড়িভাঙা আম পাড়া শুরু হবে। সেই অনুযায়ী আমের উল্লেখযোগ্য অর্ডার আসেনি। তবে প্রচার প্রচারণা চলছে আগাম আম পাড়ার বিষয়টি। আশা করছি, ২ থেকে ৩ দিনের মধ্যে সারাদেশের মানুষ বিষয়টি জেনে যাবে।

5ad3beb3-3679-4321-8816-c5d53e631967

এদিকে চাষিরা বলছেন, হাঁড়িভাঙা আম পাকতে ধরলে, এটি তিন-চার দিনের বেশি রাখা যায় না। তাছাড়া সংরক্ষণের কোনো কার্যকর পদ্ধতি নেই। তবে এই আম সংরক্ষণের সঠিক প্রক্রিয়া থাকত, তাহলে সময় নিয়ে আম বাজারজাত করলেও অসুবিধা হতো না। বরং সংরক্ষণ করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হতো। তারপরও সব কিছু ঠিক থাকলে অন্তত ৩০০ কোটি টাকার ওপরে হাঁড়িভাঙা আম বিক্রি হবে বলে জানিয়েছে চাষি ও ব্যবসায়ীরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, আজ থেকে শুরু হয়েছে হাঁড়িভাঙা আম পাড়া। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ সহায়তা করা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাঁড়িভাঙা আম আজ ১৫ জুন থেকে পাড়া শুরু হয়েছে। শুরু থেকেই জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে। যাতে এই আম বাজারজাত করতে এবার যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিক ভালোভাবে দেখা হবে। বিশেষ করে পরিবহন খাত নিয়ে যাতে ব্যবসায়ীরা কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর