মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে করে দুর্বৃত্তরা। ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত ১২টি বসতঘর।
সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন

আহতরা হলেন— ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (২৫)। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হয় অন্তত ১০ জন। ভাঙচুর ও লুটপাট করা হয় ১২টি বসতঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




