বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। থেমে নেই সিরাজগঞ্জে বিভিন্ন দলের সমর্থকরাও। বিশ্বকাপ ফুটবলের উৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশের মতো সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গ্রাম থেকে শহরে, সবখানে এখন ভক্তদের আলোচনা সমালোচনা। প্রিয় দল ব্রাজিলের শুভ কামনায় ভালোবেসে কামারখন্দ উপজেলার ঠাকুরপাড়া গ্রামে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা টাঙিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন এ গ্রামের ব্রাজিল ভক্তরা।
শুধু তাই নয়, বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে ব্রাজিল ফাইনালে উঠলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ানো হবে জানিয়েছেন এ গ্রামের ভক্তরা। নানা জায়গা থেকে অনেক ব্রাজিল ভক্তরা এই বিশাল দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা দেখতে আসছেন, পাশাপাশি তারা নিজের স্মার্টফোনে ছবিও তুলছেন। প্রায় ১ হাজার দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা নিয়ে কনটেন্ট ক্রিয়েটারও বেশ সরব রয়েছেন।
বিজ্ঞাপন

কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের ব্রাজিল সমর্থক ইউসুফ মণ্ডল জানান, ব্রাজিল ফাইনালে উঠলে ওইদিন রাত ১০টা থেকে আমাদের গ্রামে কনসার্টের আয়োজন করা হবে। সেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে গ্রামের ব্রাজিল সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ানো হবে। এমনকি চাইলে আর্জেন্টিনার সমর্থকরাও অংশ নিতে পারবেন।
একই গ্রামের ব্রাজিল সমর্থক ডা. আল আমিন বাবু জানান, প্রতি বারের মতো এবারও আমরা ব্রাজিলের বিশাল পতাকা টাঙিয়েছি। এবার গ্রামের সব ব্রাজিল সমর্থক মিলে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙিয়েছি। সামনে এর পরিধি বাড়বে বলে আমরা আশা করছি। ঠাঁকুঝিপাড়া গ্রামের প্রায় ৮৫ ভাগ মানুষ ব্রাজিলের সমর্থক। তাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, ভালোবাসা ও আবেগের জায়গা থেকে ব্রাজিল দলের প্রতি আমাদের এই বহিঃপ্রকাশ ১ হাজার ফুট পতাকা।
বিজ্ঞাপন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাঁকুরঝিপাড়া গ্রামের প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে একটি পোস্ট দেখতে পেয়ে সেখানে গিয়ে একটি কনটেন্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করি। কনটেন্টটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, বেশ সাড়া পেয়েছি। ফুটবল উন্মাদনা এখন শুধু জেলায় নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে পুরোদমে।
প্রতিনিধি/এসএস




