শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

কুমিল্লায় বিয়ের উপহার হিসেবে বরের হাতে তুলে দেওয়া হয়েছে ব্রাজিল ফুটবল দলের জার্সি, আর কনের জন্য দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলের জার্সি। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিল্লাল হোসেন একই জেলার হোমনা উপজেলার মাধবপুর গ্রামের রুবাইয়াত জাহান ফাইজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 


বিজ্ঞাপন


পেশাগত জীবনে বিল্লাল হোসেন জাতীয় দৈনিক ‘ডেইলি সান’-এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও ‘কুমিল্লার জমিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

সাংবাদিক সহকর্মীদের উপস্থিতিতে জমে ওঠা এ বিয়ের অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন ‘আমার দেশ’ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম. হাসান। তিনি উপহার হিসেবে বরের হাতে তুলে দেন ব্রাজিলের জার্সি এবং কনের জন্য আর্জেন্টিনার জার্সি। উপহার গ্রহণের সময় বর-কনের হাস্যোজ্জ্বল মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে।

জার্সি উপহারকে কেন্দ্র করে অতিথিদের মধ্যে শুরু হয় মজার আলোচনা ও খুনসুটি। কেউ ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা বলেন, আবার কেউ আর্জেন্টিনার পক্ষে যুক্তি তুলে ধরেন।
 
উপস্থিত অতিথিরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। বিয়ের মতো আনন্দঘন আয়োজনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি উপহার দেয়ার বিষয়টি সেই বার্তাই বহন করেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কুমিল্লার এই ব্যতিক্রমী বিয়ে প্রমাণ করে দিল, মাঠের বাইরেও ফুটবল মানুষের আনন্দ, আবেগ ও সম্প্রীতির অন্যতম সুন্দর ভাষা।

এসময় উপস্থিত ছিলেন এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, বাসস কুমিল্লা উত্তর প্রতিনিধি কামরুল হাসান, আকাশ টিভি সম্পাদক মহিউদ্দিন আকাশ, সাইফ উদ্দিন, আব্দুর রহিম।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর