নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে মো. কালাম মোল্যা (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত মো. কালাম মোল্যা নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। তিনি মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কামাল মোল্যা লোহাগড়া থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে যাচ্ছিলেন। পথে দিঘলয়া বাজার পার হয়ে একটি ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তার বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আমি তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




