ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জের ও সালিসে উপস্থিত না হওয়া নিয়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আনোয়ার ও সাব্বিরের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৪ জুন) রাতে এশার নামাজের সময় স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার প্রতিবাদ করেন। এ সময় সাব্বিরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে উভয় পক্ষকে শান্ত করা হয় এবং শুক্রবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য আবার কথা ছিল। তবে আনোয়ার সেখানে উপস্থিত হননি। এর জের ধরে শুক্রবার রাতে কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় দু’জনের মধ্যে আবারও মারামারি হয়। একপর্যায়ে তারা ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় আনোয়ারের বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সাব্বির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং প্রতিবাদ করায় আমার ছেলেকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
বিজ্ঞাপন
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, দু’জনের দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনার পর রানিয়ারা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
প্রতিনিধি/টিবি




