বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বীরের নামের সেতুতে টোল নয়, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১২:৫৫ এএম

শেয়ার করুন:

বীরের নামের সেতুতে টোল নয়, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে সদর উপজেলার বারঘরিয়া ব্রিজ চত্বরে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৪ সালের ২৩ জুন মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এ সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। তাই জাতীয় বীরের নামে থাকা একটি সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার পরিপন্থি। দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।

আরও পড়ুন: শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবন, সমাধান ছাড়াই শেষ পতাকা বৈঠক

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে মহানন্দা সেতু টোলমুক্ত ঘোষণা, টোল আদায় বন্ধ করে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, জেলার অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সেতুর ইজারার দরপত্র বিক্রি ও ক্রয় বন্ধ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।


বিজ্ঞাপন


বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সেতুটি টোলমুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী ১ জুলাই থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আশা প্রকাশ করেন, সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের এই দীর্ঘদিনের দাবি বিবেচনা করে দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।

আরও পড়ুন: হাতীবান্ধায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রাক মালিক গ্রুপ সমিতির সভাপতি মো. তরিকুল আলম মোল্লা, শাহনিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী (নয়ন), ছাত্র জনতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মো. নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ, নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির এবং চাঁপাইনবাবগঞ্জ সিএনজি সমিতির সভাপতি মো. আসগর আলী।

এ সময় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর