মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে টিয়ারা বাজারের কয়েকটি ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে ও বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিজ্ঞাপন


1b2b8dda-f689-466b-9476-a366a8f72f11

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়ার বাড়িতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দা, ছুরি, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিয়ারা বাজারে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে টিয়ারা বাজার ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ১৫ জন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

বিজয়নগরে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করে বলেন, আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার সমর্থকেরা অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।


বিজ্ঞাপন


1b8f9941-7d4e-41af-b12b-c922a84f1bc3

তবে এসব অভিযোগ অস্বীকার করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া বলেন, আবুল হোসেন গ্রুপই প্রথম হামলা চালিয়েছে। হামলার সময় তাঁদের এক সমর্থককে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। তারা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর