রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

বিজয়নগরে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

বিজয়নগরে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আবু তাহের (৫৫), তার ছেলে কিবরিয়া (২২), তোফাজ্জল (৬০), কাজল (২৬) ও সোনিয়া (২৩)-র নাম জানা গেছে। তাঁরা সবাই চর মাধবপুর গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর মাধবপুর গ্রামের আবু তাহের মিয়ার গোষ্ঠী এবং ইদন মিয়ার গোষ্ঠীর মধ্যে ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১০ শতাংশ জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করেই আজ এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর