মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

ওমানে নিখোঁজের ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

ওমানে নিখোঁজের ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ওমানে নিখোঁজের ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সালতানাত অব ওমানে নিখোঁজ হওয়ার তিন দিন পর মিজানুর রহমান (৩২) নামের এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা। ওমানের আল বাতিনা উত্তর গভর্নরেটের রাজধানী সোহারের একটি শপিং মলের পার্কিংয়ে তার নিজস্ব গাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরুণ এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে সোহারের লুলু হাইপার মার্কেটের পার্কিং এলাকায় তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু: নির্যাতন করে হত্যার অভিযোগ

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজানুর রহমান বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ওমানে সফলতার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৮ মে) নিজস্ব গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকেই মিজানুর নিখোঁজ ছিলেন। এরপর প্রবাসী সহকর্মী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে তার ব্যক্তিগত গাড়ির ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় ওমান পুলিশ বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত শুরু করেছে।

এদিকে মিজানুরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে তার পরিবার। প্রিয়জনের মরদেহ যেন দ্রুত সময়ের মধ্যে দেশে এনে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়, সেজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ওমানে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য থানায় জানানো হয়নি। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে যাচাই করছে।

তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার অকাল ও রহস্যজনক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ভিটিদাউদপুর গ্রামের বাতাস।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর