পবিত্র ঈদুল আজহার ৭ দিনের ছুটি শেষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটান) পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকে পণ্য আমদানি- রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়। তবে ছুটির সময় বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূটানের ৭০ টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং ২০টি ট্রাক নেপালে রফতানি হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের লিমিটেডের ম্যানেজার মো.আবুল কালাম আজাদ জানান, ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ৭ দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি- রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি -রফতানি বাণিজ্য চালু থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
এআরএম




