সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৭:২৫ এএম

শেয়ার করুন:

S
সৌদি আরবে নিহত ব্রাহ্মণবাড়িয়ার যুবক ইউসুফ মিয়া। ছবি- প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (৩৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মিয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের বাসিন্দা এবং মৃত তিতন মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। দীর্ঘদিন ধরে তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার দায়িত্ব পালনকালে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানা গেছে।

রোববার (৩১ মে) নিহতের স্ত্রী হাজেরা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের পরিবারকে অসহায় করে দিয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে এনে শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন


ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি বৃদ্ধ মা ও স্ত্রী রেখে গেছেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর