পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে (বালিকা শাখা) অবস্থানরত এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও তার সহধর্মিণী।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তারা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে গিয়ে শিশুদের মাঝে পরিবেশন করেন এবং তাদের মুখে হাসি ফোটাতে উপহার দেন নতুন ঈদের পোশাক।
বিজ্ঞাপন

এ সময় রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা) এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




