গাজীপুরের শ্রীপুরের একটি রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যবর্তী কোনো সময়ে ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে।
বুধবার (২৭ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বিন্দুবাড়ি এলাকার তেঁতুল ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে তেঁতুল ব্রিজের পাশের খাল থেকে মাছ ধরার সময় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে কালো প্যান্ট এবং গোলাপি রঙের ফুলহাতা শার্ট রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, ওই ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
জয়দেবপুর রেলওয়ে পু্লিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মো. কাইয়ুম আলী জানান, ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




