বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্য যাত্রীরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও আঙ্গুরী বেগম (৪০) নামের এক নারী শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজ আঙ্গুরী বেগম উপজেলার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও ১০ জন নারী শ্রমিক যমুনার ভেতরের শানবান্ধা চরে ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলে তারা কাজ শেষ না করেই বাড়ি ফেরার উদ্দেশে একটি নৌকায় রওনা হন। নৌকাটি বানিয়াজান স্পারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ের কবলে পড়ে নদীগর্ভে তলিয়ে যায়।
নৌকাডুবির পর ৯ জন নারী শ্রমিক সাঁতরে নদীর ভাটি এলাকায় যান। ওই সময় নিজস্ব নৌকা নিয়ে নদী পার হচ্ছিলেন বড়ইতলী এলাকার বাসিন্দা জুয়েল বাবু। তিনি বলেন, আমি ঘাস কেটে নৌকা নিয়ে ফিরছিলাম। হঠাৎ দেখি নয়জন নারী সাঁতার কেটে ভেসে থাকার চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে আমার নৌকায় তুলে নিই।
বিজ্ঞাপন
ভান্ডারবাড়ি ইউপির চেয়ারম্যান বেলাল হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির ঘটনায় গুচ্ছগ্রামের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী নিখোঁজ রয়েছেন। বাকি ৯ জন নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘ঘটনাস্থলেই আছি। নিখোঁজ ওই নারীকে উদ্ধারে স্থানীয়ভাবে তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান জোরদার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রতিনিধি/এমআই




