ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কের পাশ থেকে নিখোঁজের একদিন পর আবেদ আলী (২৫) নামে এক মরিচ মিল শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেলে সড়কের পাশের একটি জমির ডোবার কিনারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। তিনি অরুয়াইল বাজারের একটি মরিচের মিলে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন কাজ শেষে তিনি মিল মালিকের বাড়িতেই অবস্থান করতেন। তবে রোববার রাতে তিনি সেখানে যাননি। পরে সোমবার বিকেলে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি




