রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক

নিখোঁজ হওয়ার ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে বকুল মন্ডল (৩৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবক। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। 

রোববার (১৭ মে) ভোর ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৫৭/২-এস এর নিকট এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ফেরত আসা বকুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের মরারপাড়া গ্রামের মো. লুৎফর মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

বিজিবি সূত্র জানান, প্রায় এক সপ্তাহ আগে বকুল বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ১৫ মে মাইকিংয়ের মাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভারতীয় আইডিতে দেখা যায়, বকুল ভারতের কলকাতায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা কুষ্টিয়া ৪৭ বিজিবির দায়িত্বপ্রাপ্ত চিলমারী বিওপিকে অবহিত করেন। এরপর বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ সংশ্লিষ্ট ফেসবুক আইডির মালিকের সহায়তায় বকুলকে ১৬ মে আটক করে এবং পরদিন ভোরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চরচিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোশারফ হোসেন। এ সময় তার সঙ্গে আরও সাতজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই নিতিন কুমারের নেতৃত্বে সাতজন বিএসএফ সদস্য অংশ নেন। বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানান বিজিবি।


বিজ্ঞাপন


এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিক ভারতের কলকাতায় ঘুরে বেড়াচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও তথ্য দেখে পরিবারের সদস্যরা বিজিবিকে অবহিত করেন। পরে বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পতাকা বৈঠকে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর