রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থাইংখালী-থাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম ছৈয়দা খাতুন (৫০)। তিনি একই এলাকার সৈয়দ হোসেনের স্ত্রী। তার ছেলে আব্দুর রহমানকে ছাত্রলীগ কর্মী দাবি করে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ করেছে পরিবার।

স্বজনদের দাবি, সম্প্রতি দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার আসামি দাবি করে আব্দুর রহমানকে আটক করে মারধর শুরু করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা মিজান সিকদার ও ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে হামলা চালানো হয় বলেও অভিযোগ ওঠে। ছেলেকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে আসেন মা ছৈয়দা খাতুন। কিন্তু হামলাকারীদের মারধরে তিনিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আব্দুর রহমান কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাতে পারেননি।

ঘটনাস্থলে যাওয়া উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উমেছিং মারমা বলেন, খবর পেয়েছিলাম একজন আসামিকে এলাকাবাসী আটক করে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মারধরের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, আব্দুর রহমানকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে জানানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর