বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার
আসিফের স্বজনদের আহাজারি

গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আসিফ হোসেন শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি বগার ভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। আসিফের স্ত্রী ও ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) বিকেলে অটোরিকশা নিয়ে বের হন আসিফ। ফেরার সময় সন্তানের জন্য দুধ, স্ত্রী ও মায়ের জন্য কাপড় আনার কথা ছিল। রাত ১০টায় আসিফ বাড়ি না ফিরলে মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। মোবাইল রিসিভ না করায় আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে তার স্বজনরা। পরে নিহতের মা আছমা আক্তার রাত ২টার দিকে আসিফের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পান। বৃহস্পতিবার সকালে আসিফের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। সকালে নিহতের শ্যালক জিসান গজারি বনের ভেতর আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে নারীর পায়ের স্পঞ্জ স্যান্ডেল ও পুরুষের দুই জোড়া স্যান্ডেল, মাথার ক্যাপ, একটি হলুদ ওড়না পাওয়া গিয়েছে। নিহতের ডান হাতের কুনুইতে কামড়ের দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর