অবশেষে অপেক্ষার অবসান। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ বেলা ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহ কার্যক্রম। এর মধ্য দিয়ে জেলার বাজারগুলোতে পাওয়া যাচ্ছে মৌসুমের প্রথম দিকের আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম।
বুধবার (১৩ মে) দুপুরে চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ পাড়ার একটি আম বাগানে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় স্থানীয় আম চাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ করা হবে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যতয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।
আরও পড়ুন
এসময় উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শমীম, প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, আম চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এ বছর জেলায় প্রায় ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




