ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গণসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডায় কোকিল টেক্সটাইল এলাকা থেকে মিছিলটি বের হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে বেশকয়েকজন নেতাকর্মী আকস্মিক এ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও স্লোগান দিতে শোনা যায়। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। কোনো গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে অবগত করেনি। মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জুলাই-২৪ গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি




