চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে কৃষাণির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত সুনিল চন্দ্রের ছেলে নারায়ন (৩০) আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
পদ্মা রানী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে শুকানো ধান আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ন। ধান গুছিয়ে নেওয়ার শেষ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে মা ও ছেলে দুজনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাসনুবা মরিয়ম আহত পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলে প্রাণে বেঁচে যান। আহত নারায়নের তেমন কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
প্রতিনিধি/টিবি




