চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে অজ্ঞাত অস্ত্রধারীদের ব্রাশফায়ারে নিহত হয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম মো. হাসান প্রকাশ রাজু (২৪)। এ ঘটনায় রেশমি আক্তার (১১) নামের আরও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকায় বড় বোন রুমা আক্তারের বাসার সামনে শহীদ মিনার গলিতে সিএনজি ট্যাক্সিতে করে আসা অজ্ঞাত চার থেকে পাঁচজন অস্ত্রধারী রাজুকে গুলি করে পালিয়ে যায়। তিনি রাউজানের কদলপুর এলাকার আবুল কালামের ছেলে।
বিজ্ঞাপন
ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্য ও পুলিশ। খুব কাছ থেকেই তাকে গুলি করা হয়।
সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের পর রাজু গত ৩ মে বড় বোন রুমা আক্তারের বাসায় আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবারের সদস্যরা।
রাজুর বড় বোন রুমা আক্তার বলেন, ‘আমার ভাই চার দিন আগে এখানে বেড়াতে এসেছিল। কেন তাকে এভাবে হত্যা করা হলো?’
ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’
বিজ্ঞাপন
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতালে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারের ভাই ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনার বিস্তারিত আমি জানি না। আমি দোকান করি। আমাদের বাসা রৌফাবাদ এলাকায়। আমার ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। শুনেছি আম্মু তাকে একটা কাজে পাঠিয়েছিলেন। সেখানে সে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে আমার বোন হাসপাতালে মৃত্যুশয্যায়।’
প্রতিনিধি/এফএ




