শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১২:২৮ এএম

শেয়ার করুন:

সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি
সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি

ভারত সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সীমান্ত পথে যেন কোনো অবৈধ অনুপ্রবেশ বা মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। সন্দেহজনক কাউকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তায় সাধারণ মানুষও সহযোগিতা করছেন।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। সম্ভাব্য পুশইনের শঙ্কা মাথায় রেখে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বাহিনী। প্রতিটি ক্যাম্পের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


এ সময় তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করে বলেন, স্থানীয়দের সহযোগিতা বিজিবির কার্যক্রমকে আরও কার্যকর করছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর