বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

রংপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

রংপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জামাল হোসেন (২২) নামের কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে।


বিজ্ঞাপন


আরিফুল ইসলাম পৌর শহরের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, রংপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান কিশোর গ্যাংয়ের সদস্য মমিনুলসহ পাঁচজন। ওই আদালতে যান একই মামলার কিশোর গ্যাংয়ের আর এক গ্রুপের ফিরোজ শাহ ওরফে মার্ডার ফিরোজ। আদালত চত্বরে ফিরোজের লোকজন মমিনুলের গ্রুপের ওপর হামলা চালান। হামলায় মমিনুলের নাক ফেটে যায়। এসময় আরও দুজন আহত হন। এ ঘটনায় সেখানে তাদের মীমাংসাও করে দেন মার্ডার ফিরোজ। আদালত চত্বরের ঘটনায় প্রতিশোধ নেওয়ার জন্য মমিনুল ও তার লোকজন অস্ত্র নিয়ে ফিরোজ বাহিনীকে খুঁজতে থাকেন। একপর্যায়ে খুঁজে না পেয়ে ফিরোজের বাড়িতে গিয়ে হামলা চালান। এরপরই ফিরোজসহ তার গ্রুপের লোকজন মমিনুলের লোকজনকে খুঁজতে থাকেন। উভয় গ্রপের খোঁজাখুঁজির মধ্যে বিকেল ৪টার দিকে বালুয়াভাটা মোড় এলাকায় পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুলকে পেয়ে ছুরিকাঘাত করেন ফিরোজসহ তার গ্রুপের লোকজন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত আরিফুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলামের বাবা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে ভ্যান চালিয়ে আমাদের সংসার চালায়। আমার নিরীহ ছেলে আম্বিয়ার মোড়ে গেলে হঠাৎ মার্ডার ফিরোজের গ্রুপ এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। আমি ছেলে হত্যার সঠিক বিচার চাই।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর