নীলফামারীর ডোমার উপজেলার আটিয়াবাড়ি গ্রামের একটি পানের দোকানের সামনে থেকে রবিউল ইসলাম (৪০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা দোকানের সামনে তাকে পড়ে থাকতে দেখে ডোমার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীতে পাঠায়।
বিজ্ঞাপন
নিহত রবিউল ইসলাম হরিণচড়া ইউনিয়নের মধ্য আটিয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়িতে যান এবং রাতে সেখানেই অবস্থান করেন। সকালে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হরিণচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আটিয়াবাড়ী গ্রামের সাইদুল ইসলামের পানের দোকানের সামনে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের ধারণা, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ঘটনাস্থলে তার পকেট থেকে হৃদরোগের ওষুধও উদ্ধার করেছে পুলিশ।

হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাছেল রানা জানান, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে তার পকেট থেকে হৃদরোগের ওষুধ পেয়েছে। পারিবারিকভাবে তাদের কোনো কলহ ছিল না।
বিজ্ঞাপন
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।
প্রতিনিধি/এসএস




