ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠে গেছে। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পাশেই ছিল খাল ও পুকুর। তবে এসব জলাশয় ভরাট করে ফেলায় বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকালেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের কাছে গিয়েও বাড়িতে ফিরে যায়। এতে দুই শিফটেই উপস্থিতি ছিল কম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে পানি উঠতে থাকে। এক পর্যায়ে হাঁটু সমান পানি উঠে যায়। এতে বিদ্যালয়ে আসা কষ্টকর হয়ে পড়ে। প্রধান শিক্ষক বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।
তিনি জানান, মূলত পানি সরে যাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের খাল ও পুকুর ভরাট করে ফেলায় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, অতি বৃষ্টি হলেই আমাদের বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থী-শিক্ষকরা বিপাকে পড়ে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।
প্রতিনিধি/এসএস




