ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
এর আগে রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়। সে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে হাসপাতালটিতে ২৪ শিশুর মৃত্যু হলে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবই এই পরিস্থিতির অন্যতম কারণ। হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি হওয়ার সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ২৩ জন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সবাইকে সচেতন করা। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি




