রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১
২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

​চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের বাজারমূল্য ও রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা।

​শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল হলে এনএসআই, ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এই চালানটি জব্দ করা হয়। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শামসুদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়।


বিজ্ঞাপন


​বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের OV-493 ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের লাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট পাওয়া যায়। আটক শামসুদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায়। এ ছাড়া অ্যারাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ১ হাজার ৩৪৫ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেট থেকে আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আদায়ের হিসাব করা হয়েছে। জব্দ করা পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর