মানিকগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে জলাবদ্ধতা নিরসন ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ মে) বেলা ১১টার দিকে খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের পেছনে বেলায়েত হোসেন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বলা হয়, এই সড়ক ব্যবহার করে খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ, খানবাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়, পুড়রা প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীসহ প্রায় ১২টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। একটু বৃষ্টি হলেই খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের পেছন থেকে প্রায় ২৫০ মিটার জলাবদ্ধতা সৃষ্টি হয় এই সড়কটিতে। তখন পায়ে হেঁটে চলাচল করার অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এ কারণে এই রাস্তায় চলাচল মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রিকশা, হ্যালোবাইক, যানবাহন উল্টে পড়ে যায়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি হাবিবুর হোসেন খান তারিফ, সামিউল হক সুজন, আজাদ খান, সিফাত খান, দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক আশফাক হোসেন খান জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই দুর্ভোগ আর কতদিন চলবে, এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির প্রায় ২৫০ মিটার রাস্তায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধাতার সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও রোগীদের ভোগান্তির শেষ নেই। সে কারণে আমরা অতিদ্রুত জলাবদ্ধতার নিরসনসহ রাস্তারটির সংস্কারের দাবি জানাই।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বলেন, এই সড়কটির জলাবদ্ধতার বিষয়টি শুনেছি। অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থ গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




