ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় তিন ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে ট্রেনটি।
শনিবার (২ মে) সকাল ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটির যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিজ্ঞাপন
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে চালক ও রেলওয়ের দায়িত্বরত স্টাফরা তা মেরামতের চেষ্টা করেন। তবে দীর্ঘ চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব হয়নি।
পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হলে দুপুর ১২টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের কারণে স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বিকল্প লাইন ব্যবহার করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল স্বাভাবিক রাখা হয়।
প্রতিনিধি/এসএস




