শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

তলিয়ে গেছে পাকা ধান, স্বামীকে সহযোগিতা করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

তলিয়ে গেছে পাকা ধান, স্বামীকে সহযোগিতা করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে খেতের তলিয়ে যাওয়া পাকা ধান কাটতে স্বামীকে সহযোগিতা করতে গিয়ে খোকন বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। খোকন বেগম গ্রামের জামাল মিয়ার স্ত্রী।


বিজ্ঞাপন


স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে হাওরাঞ্চলে কৃষকের খেতের পাকা ধান তলিয়ে যায়। এতে কল্যাণপুর গ্রামের সামনের হাওরে জামাল মিয়ার কয়েক একর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়। চোখের সামনে খেতের পাকা ধান তলিয়ে যাওয়া দেখে সহ্য হয়নি খোকন বেগমের। গত বুধবার সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই স্বামীকে সহযোগিতা করতে ধান কাটতে নামেন খোকন বেগম। অতিবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে বিকেলে ঠান্ডায় শারীরিকভাবে দুর্বল হয়ে জমির পাশে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী জামাল মিয়া জানান, বৃষ্টির ঢলে জমির ধান তলিয়ে যাচ্ছিল। কোনো শ্রমিক পাওয়া না যাওয়ায় তিনি তার দুই ছেলেকে নিয়ে দুদিন ধরে ধান কাটছিলেন। তার স্ত্রীও কাজে সহযোগিতা করতে আসেন। বৃষ্টি ও ঠান্ডার কারণে তিনি হঠাৎ দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন

নেত্রকোনায় নদীর পানি বিপদসীমার ওপরে, তলিয়ে গেছে ২২০০ হেক্টর জমির ধান

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, পানিতে নিজের পাকা খেতের ধান তলিয়ে যেতে স্বামীকে সহযোগিতায় মাঠে গিয়ে ধান কাটায় সহযোগিতা করেন খোকন বেগম। এদিন প্রচণ্ড বৃষ্টি আর ঠান্ডা বাতাস বইছিল। বিকেলে ঠান্ডায় অজ্ঞান হয়ে খেতেই ঢলে পড়েন তিনি। পরে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।


বিজ্ঞাপন


উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তার পরিবারকে যথাযথ সরকারি সহায়তা প্রদান করা হবে।

বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম, খোকন বেগমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর