পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমপোর্টেড ব্রান্ড বায়োটেক করপোরেশনের নকল মেডিকেটেড সাবান বিক্রির অপরাধে ‘সীমান্ত মেডিকেল হল’ নামক এক ফার্মেসিকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এই অভিযানের নেতৃত্ব দেন।
বিজ্ঞাপন
জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে, কে এম লতীফ মেডিসিন মার্কেটের ওই ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের পিরোজপুর। তারা আমদানি করা দুটি মেডিকেটেড সাবানের নকল ভার্সন বিক্রি করে আসছিল। আসল সাবানের মোড়ক ও নকশা হুবহু নকল করে এসব পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করত তারা। এতে করে সাধারণ রোগীরা আসল ওষুধ ভেবে এসব নকল পণ্য কিনে আর্থিকভাবে প্রতারিত হতো। পাশাপাশি তাদের চর্মরোগ নিরাময়ের বদলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছিল।
ভোক্তা অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, নকল ওষুধ সামগ্রী মজুত এবং বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ১০ হাজার টাকা অর্থদণ্ড করে। পাশাপাশি ওই ফার্মেসি থেকে ৩১ নকল পণ্য জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় এই কাজটি করে। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




