নাটোরের সিংড়ায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অসুস্থ শ্রমিকরা হলেন- মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সবার বাড়ি গাড়াবাড়ি গ্রামে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামের কৃষক আব্বাস আলীর জমিতে ধান কাটার কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের পানি পিপাসা লাগলে তারা জমির মালিকের কাছে পানি চান। জমির মালিক তার বাড়ি থেকে চাল ও পানি এনে শ্রমিকদের খেতে দেন। ১২ জন শ্রমিক সেই চাল ও পানি পান করার কিছুক্ষণ পরেই পেট ব্যথা ও বমিভাব নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্য ৮ জন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে জমির মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, সবাই এখন শঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিন্ত করে ঢাকা মেইলকে বলেন, পোকা দমনের জন্য চালে গ্যাস ট্যাবলেট দেওয়া ছিল। সেই চাল খেয়ে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বর্তমানে শ্রমিকরা সুস্থ রয়েছে।
প্রতিনিধি/এসএস




