নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। মাটি খননকালে হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে একটি শক্তিশালী ‘মর্টার শেল’ দৃশ্যমান হয়।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মানিক মিস্ত্রির বাড়ির পাশে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিরাপত্তার খাতিরে শেলটির চারপাশ ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিনের, পুরোনো বা যুদ্ধকালীন সময়ের হতে পারে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনাটি শোনার পর আমরা সেখানে আমাদের পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছে। মর্টার শেলটি উদ্ধারের পর পরবর্তী বিশেষজ্ঞ টিমের মাধ্যমে যদি সক্রিয় থাকে তাহলে এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




