সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধর, চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধর, চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু
হাসপাতালে কান্নারত অবস্থায় নিহতের স্বজনরা

বরগুনার তালতলী উপজেলায় ফুটবল খেলা চলাকালে বল গরুর সামনে পড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় হযরত আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


হযরত আলী উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ইদ্রিস খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হরিণখোলা দাখিল মাদরাসা মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় একটি বল গরুর সামনে পড়ে গেলে সেটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত মুছা ঘরামী ও তার সহযোগীরা হযরত আলীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা জানান, মারধরের পর থেকেই কিশোরটি অসুস্থ হয়ে পড়ে। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে রোববার দুপুরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামী অনেক আগেই মারা গেছেন। আমার ছেলেকে মারধরের পর থেকেই কষ্ট পাচ্ছিল। টাকার অভাবে দ্রুত হাসপাতালে নিতে পারিনি। যারা আমার ছেলেকে মেরেছে, তাদের বিচার চাই।


বিজ্ঞাপন


নিহতের চাচা ইউনুস খলিফা বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আমার ভাতিজা মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস সানি জানান, হাসপাতালে আনার সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর