রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সেলাই মেশিন মেরামতের লাইসেন্স নিয়ে তৈরি করত আগ্নেয়াস্ত্র

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

সেলাই মেশিন মেরামতের লাইসেন্স নিয়ে তৈরি করত আগ্নেয়াস্ত্র
সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছিল ট্রেড লাইসেন্স কিন্তু সেই লাইসেন্সের পুঁজি করে তৈরি করতো বিভিন্ন আগ্নেয়াস্ত্র।

সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছিল ট্রেড লাইসেন্স কিন্তু সেই লাইসেন্সের পুঁজি করে তৈরি করতো বিভিন্ন আগ্নেয়াস্ত্র। গড়ে তুলেছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও ব্যবসা। এমন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এর আগে শনিবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০) এবং পাবনা পৌর এলাকার শালগাড়িয়া এলাকার শেখ সাইফুল ইসলাম ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লী গ্রামে আফজালের বাড়িতে অভিযান চালিয়ে আফজালসহ দুইজনকে আটক করা হয়। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি দু-নলা বন্দুক, ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে আফজালের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রূপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন

পাবনায় অস্ত্রের কারখানায় হানা, পাকিস্তানি অস্ত্রসহ গ্রেফতার ১

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা উদ্ধার করা অস্ত্র ও যন্ত্রাংশের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তার প্রদর্শিত ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, বেচাকেনা এবং যন্ত্রাংশ প্রস্তুতের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। আফজাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ কার্যক্রমে অন্য কেউ জড়িত আছে কিনা তা উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, ডিএসবির ওসি আনোয়ার হোসেন, ডিবি পুলিশের এসআই বেণু রায়সহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর