কক্সবাজারের টেকনাফে অপহরণের দুইদিন পর মুক্তিপণের বিনিময়ে এক রোহিঙ্গা যুবককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের সময় ১৫ লাখ টাকা দাবি করা হলেও শেষ পর্যন্ত ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে মুক্ত করা হয় বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫–এর নিজ বাসায় ফিরে আসেন মোহাম্মদ নুর (১৯) নামের ওই যুবক।
বিজ্ঞাপন
পরিবার জানিয়েছে, অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হয়ে ফেরার পর নুরকে আহত অবস্থায় ক্যাম্পের আইআরসি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপহরণকারীরা তাকে মারধর করেছে বলেও অভিযোগ পরিবারের।
ফেরত আসা নুর আলিখালী ক্যাম্প-২৫–এর বি১ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ জালাল।
নুরের স্বজনরা জানান, গত ২২ এপ্রিল কাজের উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় যাওয়ার জন্য ক্যাম্প থেকে বের হন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে দরকষাকষির মাধ্যমে ৫০ হাজার টাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরেই অপহরণ, মুক্তিপণ আদায় ও সশস্ত্র চক্রের তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ক্যাম্পের বাইরে কাজে যাওয়ার সময় অনেক রোহিঙ্গা এমন ঝুঁকির মুখে পড়ছেন।
প্রতিনিধি/টিবি




