শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে প্রতিদিন বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, তীব্র শয্যা সংকট

মো. ইমরান হোসেন, পটুয়াখালী
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে প্রতিদিন বেড়েছে হামের রোগী

পটুয়াখালী জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট।

পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার কয়েক গুণ রোগী ভর্তি থাকায় সাধারণ ওয়ার্ড ছাড়িয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতেও ঠাঁই নিয়েছেন আক্রান্তরা।


বিজ্ঞাপন


দশমিনা উপজেলা থেকে চার সন্তানকে নিয়ে জেলা সদরে এসেছেন আবেদ আলী। উন্নত চিকিৎসার আশায় এলেও হাসপাতালে কোনো শয্যা মেলেনি। বাধ্য হয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে চাদর বিছিয়ে অবস্থান করছেন তারা। দুই ছেলে ও দুই মেয়ের সবার শরীরেই হামের উপসর্গ।

আবেদ আলীর ছোট ছেলে মামুনের বয়স দুই বছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি। জন্মদিনের আনন্দ ম্লান করে দিয়ে শিশুটি এখন অসুস্থতায় ছটফট করছে। সারা শরীরে র‍্যাশ আর প্রচণ্ড জ্বরে কাতর শিশুটি কিছুক্ষণ পরপরই কেঁদে উঠছে। গত তিন দিন ধরে হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশে কাটছে তাদের দিন।

একই চিত্র দেখা গেছে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। সেখানে শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন আমতলী উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক (৩৩)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গতকাল সকালে ভর্তি হয়েছি, কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা পাইনি।

e647bfd7-8698-4a10-a525-0441ff8b171c


বিজ্ঞাপন


হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আইসোলেশন ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ৩০টি। অথচ বর্তমানে সেখানে ভর্তি আছেন ১৩২ জন রোগী।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমীন বলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে প্রায় ৯ শতাধিক রোগী ভর্তি রয়েছেন। ফলে এক বেডে একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। হাম একটি ছোঁয়াচে রোগ, তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আরও দুটি ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। একই সঙ্গে প্রায় ২ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর