শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাতক্ষীরার কলারোয়ায় বাড়িতে ‘বোমাসদৃশ’ তিন বস্তু, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরার কলারোয়ায় বাড়িতে ‘বোমাসদৃশ’ তিন বস্তু, এলাকায় আতঙ্ক
একটি বাড়ির তিন স্থানে এমন বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায়। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি বাড়ির গেট, রান্নাঘর ও উঠানে বোমাসদৃশ তিনটি বস্তু ঝুলিয়ে রাখার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে বসবাসকারী দুই বোন সাজেদা ও মাজিদা সকালে ঘুম থেকে উঠে বাড়ির কলাপসিবল গেট, রান্নাঘরের দরজা এবং উঠানের একটি শজনেগাছে বাঁধা অবস্থায় তিনটি সন্দেহজনক বস্তু দেখতে পান। এতে তারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে সাহস পাননি এবং বিষয়টি প্রতিবেশীদের জানান।


বিজ্ঞাপন


স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বস্তুগুলো দেখে সবাই ভয়ে দূরে সরে যান, কেউ কাছে যাওয়ার চেষ্টা করেননি।

আরও পড়ুন: প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষককে মারধর

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, প্রাথমিকভাবে বস্তুগুলো হাতবোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। তিনি আরও জানান, যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


বিজ্ঞাপন


এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ হয়েছিল। এরপর থেকেই বিভিন্ন সমস্যা হচ্ছে বলে তারা দাবি করেছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর