বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষককে মারধর

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষককে মারধর

নরসিংদীর শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক (ইংরেজি) মনজিল মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় তাঁর ওপর এই হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলায় ওই শিক্ষক সংজ্ঞাহীন হয়ে পড়েন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়ে হামলাকারী দুজনকে আটক করে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।


বিজ্ঞাপন


আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) এবং একই গ্রামের নজরুলের ছেলে ইমন (২০)। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ফারজানা ইয়াসমিন, এসিল্যান্ড মু. আব্দুর রহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার এবং বিদ্যালয়ের সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান। 

পরবর্তীতে ইউএনও দোষীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর