মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারবাটি বাঙ্গালপাড়া থেকে ভাটপাড়া (কুঠি) এলাকায় হাঁটতে বের হলে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজার এলাকার বাসিন্দা ও সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাঁটার সময় খলিলুর রহমান ডাক্তারের বাড়ির কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে পেছন থেকে গুলি করতে শুরু করে। প্রাণ ভয়ে মুকুল হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার পিঠের ডান পাশে দুটি এবং ডান হাত ও ডান বুকে তিনটি গুলি লাগে। মোট পাঁচটি গুলি তার শরীরে লেগেছে।
বিজ্ঞাপন

সাহারবাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দৌড়াতে দৌড়াতে মুকুল হোসেন আব্দুর রহমানের বাড়ির সামনে এসে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
প্রতিনিধি/টিবি




