রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাসিরনগরে বেড়েছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে বেড়েছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হামের প্রকোপ বেড়েছে। উপজেলায় ৫ থেকে ৭ মাস বয়সী শিশুদের মধ্যে হামের উপসর্গ বেশি দেখা দিচ্ছে। গত দুইদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৭ দিনে হামের উপসর্গ নিয়ে ৩৫ শিশু চিকিৎসা নিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৩ শিশু। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে দুই শিশুর।


বিজ্ঞাপন


মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আশিকুর রহমানের ছেলে মো. হুজাইফা (৪) ও গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের মোশাররফ মিয়ার সাত মাস বয়সী ছেলে শিশু সজীব মিয়া। হুজাইফা গত শুক্রবার ভোরে ঢাকার ডিএনসিসি হাসপাতালে নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকায় নেওয়ার পথে সজিবের মৃত্যু হয়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে প্রচণ্ড জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় শিশু হুজাইফাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন দিবাগত রাত দুইটার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার ডিএনসিসি হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্র নিয়ে ভর্তি করান। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর, সর্দি ও শরীরে লাল গুটি রেশ থাকায় গত কয়েকদিন আগে সাত মাস বয়সী শিশু সজীব মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে সজীব। আবার অসুস্থ হলে ও একই উপসর্গ দেখা দিলে সজীবকে পরিবারের লোকজন জেলার এক শিশু চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশু সজীবের মৃত্যু হয়।

আরও পড়ুন

বগুড়ায় আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লক্ষাধিক শিশু

নিহত হুজাইফার বাবা আশিকুর রহমান বলেন, আমার ছেলের জ্বর ও ডায়রিয়া দেখা দেওয়ার পর প্রথম তিন-চার দিন স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও পানি পড়া দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সন্তান হারিয়ে বুঝেছি ঝাড়ফুঁক নয়, হামের টিকাই জীবন বাঁচাতে পারে।

সজীবের চাচা শেখ শাহ আলম বলেন, আমার ভাতিজা সজীব প্রায় ১২ দিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরে। তবে পরদিন পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুইজনের হাম শনাক্ত হয়। রোববার বহির্বিভাগে ৫৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ২০০ শিশু জ্বর-সর্দি নিয়ে এসেছে এবং তাদের অনেকের মধ্যেই হামের উপসর্গ পাওয়া গেছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে হুজাইফার মৃত্যু হয়। শনিবার রাতে হাসপাতালে নেয়ার পথে সাতমাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে বর্তমানে রোগী ভর্তির সংখ্যা ১৩। এখন পর্যন্ত দুই জনের হাম শনাক্ত হয়েছে। আট রোগীর প্রতিবেদন এখনো আসেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর