বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার দাবিতে টানা ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যা করবে বলেও জানায় ওই তরুণী।
ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। অনশনরত তরুণীর নাম উম্মে হানি (১৮)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গ্রামের গোলজার মিয়ার ছেলে মো. শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। ওই প্রেমিকাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিল শাহীন মিয়া। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সম্পর্কের একপর্যায়ে বিয়ের দাবি জানালে শাহিন গা ঢাকা দেন। এরপর থেকেই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।
অনশনরত উম্মে হানি জানান, বিয়ের মাধ্যমে স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না। দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে টানা অনশনের কারণে ইতোমধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি নিয়ে তারা পলাশ ও শিবপুর থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি। এক থানা থেকে অন্য থানায় পাঠানোর কারণে তারা ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, মেয়েটির বাড়ি অন্য থানার অধীনে হওয়ায় আমাদের পক্ষে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট থানা উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে।
প্রতিনিধি/এসএস




