সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ঘটনার ২০ দিন পর তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছে পরিবার।
ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছেলে। আবু তালেব সরদার চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য।
পারিবারিক সূত্র জানায়, জীবিকার সন্ধানে আড়াই বছর আগে সৌদি আরবে যান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গত বুধবার বিকেলে সৌদি আরব থেকে ফোনে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। জানানো হয়, ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
ফরিদের বাবা আবু তালেব সরদার বলেন, তাঁর ছেলে সৌদি আরবে একটি কপিহাউজে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের সবার ছোট সন্তান ছিলেন তিনি। পরিবারের দায়িত্ব নেওয়ার আশায় তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। ২০ দিন ধরে ছেলের সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বেগে ছিলেন তাঁরা। পরে ফোনে তাঁর মৃত্যুর খবর পান।
প্রবাসে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদগঞ্জে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সাংবাদিক সমাজ, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




