মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চলে এলাকায় অবস্থিত হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. ইসমাইল হোসেন (৩০), জাহাঙ্গীর (২৫) ও সুলতান (২৬)। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত কৌশলে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চুরির উদ্দেশে তৎপরতা চালায়। এ সময় বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়। তিনজন নিরাপত্তা কর্মীকে ঘেরাও করার চেষ্টা করলে তাদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্যান্য নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয় পড়েছে প্রতিষ্ঠানটি।
হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেডের হেড অব অ্যাডমিন ভুঁইয়া আবু মো. সাদাত বলেন, বুধবার ভোর রাতে ৫/৬ জনের একটি সঙ্গবদ্ধ চোর চুরির উদ্দেশে আমাদের প্রজেক্টে প্রবেশ করে। এক পর্যায়ে আমাদের ডিউটিরত নিরাপত্তা কর্মীদের মারধরের চেষ্টা করা হলে তাদের চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে অর্থনৈতিক অঞ্চলে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে তারা জোরারগঞ্জ থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন। আমরা জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।'
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি নাজমুল হক বলেন, হেলথ কেয়ারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




